বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট ও মেডিকেল কলেজের দাবি

নিজস্ব প্রতিবেদন:
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর একটি প্রতিনিধি দল। বুধবার (১১ মার্চ) দুপুরে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু-এর নেতৃত্বে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, স্বৈরশাসন ও আগস্ট বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মজিবুর রহমান মঞ্জু।
এসময় ফেনীর মানুষের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি হস্তান্তর করেন তিনি। প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।
ফেনীকে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে উল্লেখ করে এখানকার উন্নয়নমূলক দাবিগুলো বাস্তবায়নে নিজের আগ্রহের কথাও জানান প্রধানমন্ত্রী।
সাক্ষাতে ফেনীর উন্নয়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—ফেনীতে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর, ভূ-রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় ফেনীতে একটি বিমানবন্দর ও সেনা ব্রিগেড স্থাপন।
এছাড়া ফেনীকে বন্যামুক্ত করা, শহরের জলাবদ্ধতা ও গ্যাস সংকট নিরসন, বিসিক শিল্পনগরী আধুনিকায়ন, কিশোর গ্যাং ও মাদকের দৌরাত্ম্য বন্ধ, মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টেকসইভাবে নির্মাণ, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ এবং দীর্ঘদিন বন্ধ থাকা দোস্ত টেক্সটাইল মিল চালুর বিষয়ও তুলে ধরা হয়।
পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ ফেনীর লালপোল ও যানজট নিরসনে শহরের রেলগেট এলাকায় ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণের দাবিও জানানো হয়।
এবি পার্টির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা।